শনিবার আইসিপিসি ঢাকা পর্বের বাছাই

১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৬  

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা পর্বের প্রাথমিক প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই অনলাইন প্রতিযোগিতায় ১২৮টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৪৫টি দল অংশ নিচ্ছে। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ১২১টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮১, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৭৮, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ৬৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬১ এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৬টি দল অংশ নিচ্ছে।

প্রাথমিক প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় আইসিপিসি ঢাকা পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন আইসিপিসির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুল আজাদ।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াডখ্যাত এ প্রতিযোগিতার আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন। দলভিত্তিক এই আঞ্চলিক প্রতিযোগিতায় প্রতিটি দলে মোট তিনজন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।